তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলরের হত্যাকাণ্ডের চার দিনের মাথায় ফের রক্তাক্ত হল মালদা। কালিয়াচক থানার শেরশাহি–লক্ষ্মীপুর এলাকায় দুপুরে বিস্ফোরণে গুরুতর জখম হল দুই শিশু। আহত শিশুদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুই শিশু একটি গোলাকার বস্তু কুড়িয়ে পায় এবং সেটিকে বল ভেবে খেলা শুরু করে। খেলার সময় ওই বস্তুটি মাটিতে আছাড় মারতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্ত। দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় চারদিক, এবং আতঙ্কিত শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের পেছনে কোনো নাশকতার ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় বেআইনি বোমা মজুতের ঘটনা নতুন নয়। বারবার অভিযোগ সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ২ জানুয়ারি মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণ মালদাবাসীর মনে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন। আহত দুই শিশুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিস্থিতি নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। মালদার বাসিন্দারা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
