মুম্বাইতে সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের বহুল প্রতীক্ষিত ছবি ইমার্জেন্সি এর একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আত্মজ্ঞানী সদগুরু। এই ছবিতে ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—জরুরি অবস্থার ঘটনা তুলে ধরা হয়েছে। সদগুরু কঙ্গনার অভিনয় ও পরিচালনার ভূয়সী প্রশংসা করেছেন এবং ছবিটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।
ছবিটি সম্পর্কে সদগুরু বলেন, “জরুরি অবস্থার মতো একটি জটিল বিষয় আড়াই ঘণ্টার মধ্যে ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। কঙ্গনা দুর্দান্তভাবে এই কাজটি করেছেন। তরুণ প্রজন্মের জন্য এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সেই সময়ের সাক্ষী ছিলেন না, তাদের এই ছবি থেকে সেই অধ্যায়ের গভীরতা বুঝতে সাহায্য করবে।”
ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে ও বিশাক নায়ারের অভিনয়ও প্রশংসিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির জন্য নাগপুরে আয়োজিত বিশেষ প্রদর্শনীতেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে।
তবে ছবিটি শুরু থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে ছিল। মুক্তি ২০২৪ সালে হওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের কারণে তা স্থগিত হয়। এছাড়াও, কিছু সম্প্রদায়ের অভিযোগে ছবির প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিতর্ক শুরু হয়। বাংলাদেশেও ছবিটিকে ব্যান করা হয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সব বাধা কাটিয়ে গত ১৭ জানুয়ারি ইমার্জেন্সি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি সমালোচক ও দর্শকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও বিতর্ক এখনও ছবির সঙ্গ ছাড়েনি। কঙ্গনার এই প্রয়াস ঐতিহাসিক সত্য উন্মোচনে নতুন আলো ফেলেছে বলে মত বিশ্লেষকদের।
