দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য! মঙ্গলবার, ২১ জানুয়ারি, আয়কর বিভাগের তরফে দক্ষিণ ভারতের জনপ্রিয় ফিল্ম প্রযোজকদের বাড়ি ও অফিসে একযোগে হানা দেওয়া হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮টি স্থানে এই অভিযান চালায়।
গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস ও বানজারা হিলসের বাড়ি থেকে অফিস পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। তাঁর ভাই শিরীষ, মেয়ে হংসিতা রেড্ডি এবং আত্মীয়দের বাড়িতেও আয়কর আধিকারিকরা অভিযান চালিয়েছেন। জানা গেছে, দিল রাজু শুধুমাত্র সিনেমা প্রযোজনায় বিনিয়োগ করেন না, তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত। আয়কর বিভাগ এই আর্থিক লেনদেন খতিয়ে দেখছে।
পাশাপাশি, পুষ্পা ২ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্করের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। মাইথেরি মুভি মেকার্স ব্যানারের অধীনে এই দুই প্রযোজক একাধিক বিগ বাজেট ছবিতে বিনিয়োগ করেছেন।
তবে আয়কর বিভাগের এই অভিযানের মূল কারণ এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, টলিউডে আর্থিক তছরুপ বা কর ফাঁকি সংক্রান্ত কোনো গন্ডগোল তদন্তের আওতায় এসেছে। উল্লেখযোগ্য যে, দিল রাজু শুধু একজন সফল প্রযোজক নন, তিনি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও কাজ করেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক বিগ বাজেট প্রকল্পের সঙ্গে জড়িত প্রযোজকদের এই হানা নতুন বিতর্ক উসকে দিয়েছে। বিষয়টি ঘিরে নজর রয়েছে ইন্ডাস্ট্রি এবং প্রশাসনের।
