বিতর্কিত মন্তব্য আর সাহসী কর্মকাণ্ডে পরিচিত পুনম পাণ্ডে এ বার পা বাড়িয়েছেন পুণ্যের সন্ধানে। মহাকুম্ভে যোগ দিতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। নিজেই জানান, কুম্ভ স্নানের উদ্দেশ্যে যাচ্ছেন এবং ভক্তদের জন্য প্রসাদ নিয়ে আসার আশ্বাস দেন।
সমাজমাধ্যমে তাঁর এই ঘোষণা মুহূর্তেই ভাইরাল। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে সমালোচনার ঝড়। এক নিন্দকের কটাক্ষ, আপনি যা-ই করুন, এত সহজে পাপ ধুয়ে যাবে না। আরেকজন লেখেন, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার সময় ঢাকা পোশাক পরবেন।
তবে সমালোচনার মধ্যেও অনুরাগীরা পুনমের নতুন রূপ দেখার অপেক্ষায়। তাঁদের বিশ্বাস, মহাকুম্ভে পুনমের উপস্থিতি বিশেষ কিছু হবে।
মহাকুম্ভে তারকাদের অংশগ্রহণ নতুন নয়। সম্প্রতি পরিচালক রেমো ডি’সুজ়া মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। কালো বস্ত্রে তাঁকে ধ্যান করতে দেখা যায়। গলায় রুদ্রাক্ষের মালা আর প্রার্থনার মুহূর্তে তাঁর ছবি ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, অভিনেত্রী মমতা কুলকার্নি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিয়ে নতুন জীবন শুরু করেছেন। রীতি মেনে সন্ন্যাস গ্রহণের সময়ে অঝোরে কেঁদে ফেলেন তিনি।
পুনম পাণ্ডে কি মহাকুম্ভে গিয়ে নতুন কোনও বার্তা নিয়ে আসবেন, নাকি শুধুই সমালোচনার কেন্দ্রে থাকবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
