প্রায়ই নানা বিতর্কে উঠে আসে পুনম পাণ্ডের নাম। কখনও সাহসী মন্তব্য, কখনও নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে তিনি বারবার সংবাদের শিরোনামে এসেছেন। এবার মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
আগেই জানা গিয়েছিল, পুনম মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছেন। বিমানবন্দরে তাঁকে দেখে অনুরাগীরা কৌতূহলী হয়ে ওঠেন। তখনই তিনি বলেছিলেন, “কুম্ভে যাচ্ছি, তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব।” এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
মৌনী অমাবস্যার দিন পুনম পবিত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দেন। কালো-সাদা কুর্তায় সজ্জিত পুনমের সেই মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। তিনি নিজের সামাজিক মাধ্যমে ছবিগুলি ভাগ করে লিখেছেন, “আমার সব পাপ ধুয়ে গেল।” একটি ছবিতে তাঁকে তিলক পরতে দেখা গেছে, অন্যটিতে পাখিদের জন্য দানা ছড়াতে দেখা যায়। মহাকুম্ভের বিশাল ভিড়, সন্ধ্যারতির দৃশ্য ও স্থানীয় মহিলাদের সঙ্গে নাচার মুহূর্তও ভাগ করে নিয়েছেন তিনি।
সেই পোস্টে পুনম লিখেছেন, “মহাকুম্ভ… জীবনকে খুব কাছ থেকে দেখছি। ৭০ বছরের প্রবীণদের খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে দেখেছি। এখানে বিশ্বাসের কোনও সীমা নেই।” তবে এর মাঝেই মহাকুম্ভে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা—ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। তাঁদের স্মরণে পুনম লেখেন, “যাঁরা প্রাণ হারালেন, তাঁদের জন্য গভীরভাবে শোকাহত। আশা করি, তাঁরা মোক্ষ লাভ করেছেন।”
প্রসঙ্গত, গত বছর পুনম নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে সবাইকে হতবাক করেছিলেন। পরে তিনি জানান, জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এমনটা করেছিলেন। এবার মহাকুম্ভেও তাঁকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক।
