আজ পেশ হচ্ছে মোদি সরকারের ৩.০-এর প্রথম পূর্ণকালীন সাধারণ বাজেট। তাই স্বাভাবিক ভাবেই সবার দৃষ্টি ২০২৫ সালের বাজেটের দিকে। আজ সকাল ১১টায় লোকসভায় তাঁর অষ্টম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে তিনি ছয়টি পূর্ণকালীন এবং দুটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। এই বাজেট থেকে মধ্যবিত্তের প্রত্যাশা অনেক। এবার কৃষকদের জন্য বড় ঘোষণা করা হলো চলতি বাজেটে।
কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর কেন্দ্রীয় সরকারের। নতুন অর্থবর্ষের বাজেটে বৃদ্ধি করা হলো কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ। এবার আর ৩ লক্ষ টাকা নয়। ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা ঋণ পেতে পারেন কিষান ক্রেডিট কার্ডে। একই সঙ্গে আরও ভালোভাবে কৃষকরা কীভাবে সুবিধা পাবেন সেই লক্ষ্যেই এই বাজেট বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
উল্লেখ্য, আজ সংসদে সাধারণ বাজেট পেশ করার আগে গরিব, মধ্যবিত্ত এবং মহিলাদের জন্য অনেক নতুন উদ্যোগ ঘোষণা করা হতে পারে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী মোদি। বাজেট পেশের আগে সংসদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পরবর্তী ৫ বছরে সবার বিকাশ এবং প্রত্যেকটি রিজিয়ানে বিকাশ এটাই হল এই বাজেটের মূল লক্ষ্য। পাশাপাশি গরীব, যুব, অন্নদাতা অর্থাৎ কৃষক এবং নারীদের উপর বেশি করে নজর দেওয়া হয়েছে বাজেটে।
এছাড়াও বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরিকাঠামোতে উন্নয়ন, মধ্যবিত্তের উপর নজর, কৃষি, উৎপাদন শিল্প, কৃষিক্ষেত্রের মতো বিষয়ে পূর্বের তুলনায় আরোও অগ্রাধিকার প্রদানের উল্লেখ করেন। শুধু তাই নয়, ধনধান্য কৃষি যোজনায় লাভবান হবেন ১ কোটি ৭০ লক্ষ কৃষক। নির্মলা সীতারামন বলেন, “আমাদের অর্থনীতি সমস্ত প্রধান বিশ্ব অর্থনীতির মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান। বিগত ১০ বছরের আমাদের উন্নয়নের রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। এই সময়কালেই ভারতের সক্ষমতা ও সম্ভাবনার ওপর আস্থা বেড়েছে”।
