বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বের প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। তাঁর মতে, মমতা মানে শুধুই সহানুভূতি নয়, মমতা মানে এক ক্লান্তিহীন নেতা। মুখ্যমন্ত্রীর প্রতিদিন ৬৪ হাজার স্টেপ হাঁটার অভ্যাস শুনে বিস্মিত হয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম, এটা সাপ্তাহিক হিসাব। কিন্তু মমতাদিদি বললেন, না, এটা তাঁর প্রতিদিনের রুটিন।
বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন মুকেশ অম্বানী। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার সংস্কৃতি, সাহিত্য, ও বাণিজ্যিক সম্ভাবনার কথা। তিনি বলেন, বাংলা মানে আধ্যাত্মিকতা, সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেম। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমি। নবজাগরণের মাটি।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। ২০১৬ সাল থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করে আসা মুকেশ জানান, প্রতিবার ভাবি, আগেরবারের থেকে ভালো কিছু হবে না। কিন্তু মমতাদিদি প্রতিবারই আমাকে ভুল প্রমাণিত করেন।তাঁর মতে, আজকের বাংলা মানেই দক্ষ বাস্তবায়ন, উন্নয়ন এবং নতুন সম্ভাবনার কেন্দ্র।
এদিন মুকেশ অম্বানী মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতার লাইনও পড়ে শোনান এবং তাঁর নেতৃত্বের ব্যাখ্যা দেন। বাংলার অর্থনৈতিক উত্থানের প্রশংসা করে তিনি বলেন, মমতাদিদির টিম যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবে করে দেখায়। এটাই একজন মহান নেতার পরিচয়। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন প্রশাসক নন, তিনি বাংলার অর্থনৈতিক রেনেসাঁর পথপ্রদর্শক।
