সুরেলা কণ্ঠের জাদুকর উদিত নারায়ণ এ বার সুরের চেয়ে বেশি চর্চায় রয়েছেন চুম্বনের কারণে। একের পর এক ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, গানের মঞ্চে অনুরাগিণীদের ঠোঁটে ঠোঁট রেখেছেন বর্ষীয়ান গায়ক। নতুন করে প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিয়ো, যেখানে ফের এক তরুণী ভক্তকে সোজা ঠোঁটে চুমু খেতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে হাঁটু গেড়ে বসে অনুরাগিণীদের উদ্দেশে গান গাইছেন উদিত। ঠিক সেই মুহূর্তে এক তরুণী এসে ছবি তোলার অনুরোধ করেন। ছবি তোলার পর উদিত প্রথমে তাঁকে আলিঙ্গন করেন, তারপর হঠাৎই গালে চুম্বন করতে গিয়েও সরাসরি ঠোঁটে ঠোঁট রাখেন। মুহূর্তেই সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
এর আগেও একাধিকবার এমন বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। শ্রেয়া ঘোষাল থেকে অলকা যাজ্ঞিক— মঞ্চে তাঁদেরও অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছেন তিনি। শ্রেয়াকে পুরস্কার দেওয়ার সময় আচমকাই তাঁর গালে চুমু খেয়ে বসেন উদিত। অলকা যাজ্ঞিকের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও উদিত তাতে আমল দিতে নারাজ। তাঁর দাবি, ‘‘ভক্তরা যখন সামনে থেকে এতটা ভালোবাসা দেন, তখন সেটা ফিরিয়ে দেওয়া যায় না!’’ তবে নেটাগরিকরা বিষয়টিকে ‘ভক্তদের প্রতি ভালোবাসা’ না বলে, ‘অস্বস্তিকর আচরণ’ বলেই মনে করছেন।
