দিল্লি বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিজেপির প্রধান দফতর থেকে কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি-বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া দলটিই দুর্নীতির কাদায় ডুবে গেছে বলে দাবি করে মোদী জানিয়েছেন— যারা লুট করেছে, তাদের ছাড়া হবে না!
প্রধানমন্ত্রীর তোপ, একসময় রাজনীতির সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে আসা আপ নেতারা এখন ‘সম্পূর্ণ বেইমান’ প্রমাণিত। আন্না হাজারের নাম টেনে মোদী বলেন, “দীর্ঘদিন ধরেই আপ নেতাদের কুকর্মের কারণে আন্না হাজারেজি কষ্ট পাচ্ছিলেন। আজ হয়তো তিনি সেই কষ্ট থেকে মুক্তি পেলেন।
মোদীর দাবি, আবগারি কেলেঙ্কারি থেকে স্কুল ও হাসপাতালের দুর্নীতি— সবেতেই আম আদমি পার্টির মন্ত্রীরা জড়িয়ে। যার ফলে দিল্লির সাধারণ মানুষকেই সমস্যার মুখে পড়তে হয়েছে। তাঁর কথায়, যখন সারা বিশ্ব কোভিডের বিরুদ্ধে লড়ছিল, তখন আপ নেতারা বিলাসবহুল শিসমহল বানাচ্ছিলেন! তিনি বলেন, আপ নেতারা প্রতিদিন নতুন ষড়যন্ত্র রচনা করত নিজেদের দুর্নীতিকে আড়াল করতে। কিন্তু এবার তাদের লুটের হিসাব দিতে হবে।
বিজেপির জয়কে ‘জনতার ন্যায়ের রায়’ বলে অভিহিত করে মোদী স্পষ্ট জানান, প্রথম বিধানসভা অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ হবে, প্রতিটি দুর্নীতির তদন্ত হবে এবং লুটের সম্পত্তি ফেরত দিতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এটাও মোদীর গ্যারান্টি!
এদিকে, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরা বিজেপিকে আশীর্বাদ দেওয়ার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, ‘ডবল ইঞ্জিন’ সরকারের অধীনে দিল্লির উন্নয়ন দ্বিগুণ গতিতে হবে। তাঁর কথায়, দিল্লির উন্নয়নকে আটকে রাখা যাবে না, এবার তা ছুটবে মোদীর গ্যারান্টিতে!
