বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই নিজেদের রণকৌশল সাজিয়ে নিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট অধিবেশন যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও সংশয় নেই। তাই বাজেট পেশের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন। অন্যদিকে, তৃণমূলকে পাল্টা চাপে ফেলতে বিজেপিও তাদের পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।
আজ থেকেই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়েই অধিবেশনের সূচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। তবে বাজেটের আগে তৃণমূলের রণনীতি সাজানোর বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সূত্রের খবর, বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হবে। পাশাপাশি, শৃঙ্খলারক্ষা ও সাম্প্রতিক বিতর্ক ঘিরে মদন মিত্র, হুমায়ুন কবীর ও নারায়ণ গোস্বামীর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।
অন্যদিকে, বিধানসভায় বসার আগেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে প্রস্তুত বিজেপিও। মাত্র এক বছরের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট। সেই নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতে এবং মমতার বাজেট কৌশলকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এই বাজেট অধিবেশন আরও বেশি নজরকাড়া হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বাজেটে জনগণের জন্য কী কী বরাদ্দ হচ্ছে, তার উপরেই নির্ভর করছে ভোটের অভিমুখ। তাই বাজেট অধিবেশনের আগেই কৌশল সাজাতে মরিয়া সরকার ও বিরোধী— দুই পক্ষই।
