কলকাতা পুরসভা থেকে ধরা পড়ল এক বাংলাদেশি, যার হাতে ভারতীয় পাসপোর্ট! আধার কার্ড, ভোটার আইডি, এমনকি অন্যান্য পরিচয়পত্রেও গরমিল ধরা পড়ায় আটক করা হয় তাকে। নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়। সেখানেই জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, আসলে সে বাংলাদেশের বাসিন্দা!
সূত্রের খবর, শনিবার সকালে কলকাতা পুরসভার পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট শাখায় আসে ওই ব্যক্তি। অন্যদের মতোই নিজের নথিপত্র জমা দেয় সে। কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করতেই ধরা পড়ে মারাত্মক অসঙ্গতি। তার আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্টের তথ্যের মধ্যে বিস্তর ফারাক! সন্দেহ হতেই তাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশের কাছে।
নিউটাউন থানার পুলিশ এসে সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে গিয়ে শুরু করে জেরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে, তার প্রকৃত বাড়ি বাংলাদেশে। তবে কলকাতার ঠিকানায় জাল আধার ও ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল সে। সেইসব নথির ভিত্তিতেই পেয়েছিল ভারতীয় পাসপোর্ট!
এদিকে, এত সহজে একজন বাংলাদেশির নামে কলকাতা থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেল কীভাবে, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এই ঘটনায় কলকাতা পুরসভা এবং অন্যান্য সরকারি দফতরের ভূমিকা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। রফিকুল ইসলাম বিশ্বাস নামে ধৃত ব্যক্তি বারবার দাবি করছে, তাকে ফাঁসানো হয়েছে!
পুলিশ অবশ্য তার কথায় বিশেষ আমল দিচ্ছে না। বরং, এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশের আশঙ্কা আগেও শোনা গিয়েছিল, এবার তা আবারও সামনে এল।
