২০১৭ সালের শেষ আসরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার নিজেদের মাঠে খেলার সুযোগ পাওয়ায় আরও শক্তিশালী হয়ে উঠবে তারা, এমনটাই বিশ্বাস শাস্ত্রীর। আইসিসি রিভিউ-তে তিনি বলেন, ‘‘পাকিস্তান খুবই বিপজ্জনক দল, বিশেষ করে নিজেদের কন্ডিশনে। গত ৬-৮ মাসে সাদা বলে ওদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। দক্ষিণ আফ্রিকায় তারা দারুণ খেলেছে।’’ পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে ট্রফি জেতার সম্ভাবনাও প্রবল, এমনই মত তাঁর।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। ইনফর্ম ব্যাটার সায়াম আয়ুব ছিটকে গিয়েছেন। যদিও রবি শাস্ত্রীর মতে, এটি বড় প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘‘সায়াম আয়ুব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, তবে পাকিস্তান এত সহজে হাল ছাড়বে না। ঘরের মাঠে ওরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য তাদের রয়েছে। এরপর তো আর একটা ম্যাচের ব্যাপার!’’
পাকিস্তান তাদের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে নিজেদের দেশে, ভারতের বিরুদ্ধে ম্যাচটি হবে দুবাইতে। দুবাইয়ের পরিবেশও তাদের খুব একটা অচেনা নয়। এই কারণেই পাকিস্তানকে নিয়ে আশাবাদী রবি শাস্ত্রী। তাঁর মতে, প্রতিযোগিতার ফরম্যাট এমন যে একটি ম্যাচ হারলেই দল ছিটকে যেতে পারে। কার্যত নকআউট লড়াই। তাই পাকিস্তান সেমিফাইনালে পৌঁছলে, ট্রফিও জিততে পারে!
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচই হবে রুদ্ধশ্বাস। ভারতের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর পাকিস্তানের মাঠে তারা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটাই এখন দেখার।
