মেরুদণ্ডে টিউমারের কারণে পঙ্গুত্বের মুখে পড়েছিলেন মেটিয়াবুরুজের শেখ হাসিবুল (২১)। কয়েক সপ্তাহ ধরে তীব্র যন্ত্রণা, পায়ে অসাড়তা, শেষে সম্পূর্ণ হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি। তবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরই যেন তাঁর জীবনে আশার আলো নিয়ে আসে।
গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু হয়। সেখানেই চিকিৎসা করাতে এসে জানতে পারেন, মেরুদণ্ডে টিউমার রয়েছে। খবর পেয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত হস্তক্ষেপ করেন। গত ১০ ফেব্রুয়ারি কলকাতার এক নামী হাসপাতালে হাসিবুলের সফল অস্ত্রোপচার হয়।
অভিষেকের উদ্যোগে আগেও বহু অসহায় মানুষ চিকিৎসার সুযোগ পেয়েছেন। ফলতার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আক্রান্ত শিশু হোক কিংবা বিষ্ণুপুরের কৃতি মান্না— ‘সেবাশ্রয়’-এর মাধ্যমেই তাঁদের চিকিৎসার দায়িত্ব কাঁধে নিয়েছেন অভিষেক। হাসিবুলের ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নিয়ে হাঁটাচলার স্বপ্ন পূরণ করলেন তিনি।
শনিবার হাসপাতালে হাসিবুলের সঙ্গে দেখা করেন অভিষেক। সমাজমাধ্যমে সেই সাক্ষাতের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওঁর আনন্দ আর আশা দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি জন্ম নিল। আমি নিশ্চিত, খুব শীঘ্রই হাসিবুল জীবনের পথে নতুন শক্তি নিয়ে হাঁটবে।’
চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই চিকিৎসক দলকে, যাঁদের নিষ্ঠা ও দক্ষতা হাসিবুলের আশাকে বাস্তবে রূপ দিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘হাসিবুলের এই লড়াই শুধুমাত্র তাঁর ব্যক্তিগত জয় নয়, এটি ‘সেবাশ্রয়’-এর মূল দর্শনের প্রতিফলন।’
প্রসঙ্গত, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির থেকে এখন পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৭০ হাজার মানুষ চিকিৎসার সুযোগ পেয়েছেন। বর্তমানে সাতগাছিয়া বিধানসভায় এই শিবির চলছে, যেখানে অসংখ্য মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন। হাসিবুলের মতো আরও অনেকেই হয়তো এই শিবিরের মাধ্যমে নতুন জীবনের আশার আলো দেখবেন।
