প্রয়াগরাজে চলা মহাকুম্ভের হাত ধরে স্থানীয় অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর পরিসংখ্যান অনুযায়ী, এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৩ লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে। যা শুধু প্রয়াগরাজ নয়, আশপাশের ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলিকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে।
CAIT-এর মহাসচিব প্রবীণ খাণ্ডেলওয়ালের মতে, মহাকুম্ভ শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়, বরং আস্থা ও অর্থনীতির গভীর সম্পর্কের উদাহরণ। এবারের আয়োজনে ৪০ কোটি ভক্তের উপস্থিতির পূর্বাভাস থাকলেও, তা ছাড়িয়ে ৬০ কোটির কাছাকাছি পৌঁছেছে। যার ফলে ব্যবসার পরিমাণও বেড়েছে।
সবচেয়ে বেশি লাভ হয়েছে পর্যটন, হোটেল, খাদ্য ও পানীয়, পরিবহন, লজিস্টিকস, ধর্মীয় সামগ্রী, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও বিজ্ঞাপনী খাতে। অযোধ্যা, বারাণসীর মতো শহরগুলিও মহাকুম্ভের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে।
উত্তর প্রদেশ সরকার পরিকাঠামো উন্নয়নে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল, যার মধ্যে ১৫০০ কোটি টাকা কুম্ভ ব্যবস্থাপনার জন্য বরাদ্দ ছিল। এর ফলে শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, দীর্ঘমেয়াদে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিষেবার মানোন্নতির ফলে স্থানীয় অর্থনীতির আরও বৃদ্ধি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
