জম্মু-কাশ্মীরের হিমশীতল আবহাওয়ায় আর মদ্যপান করা যাবে না? পর্যটকদের জন্য আসতে চলেছে বড়সড় বিধিনিষেধ! মদ নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও ন্যাশনাল কনফারেন্স। সূত্রের খবর, আসন্ন বাজেট অধিবেশনে এই বিষয়ে বিল পেশ করতে চলেছে দুই দল। পাশাপাশি, একাধিক ছোট রাজনৈতিক দলও মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞার দাবিতে আলাদা আর্জি জমা দিয়েছে।
তবে এই দাবির মোড় ঘুরিয়েছে এক চমকপ্রদ রাজনৈতিক পালাবদল! ২০১৬ সালে যখন প্রথমবার জম্মু-কাশ্মীরে মদ নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছিল, তখন আপত্তি জানিয়েছিল মেহবুবা মুফতির দল পিডিপি। অথচ এখন তিনিই চাইলেন নিষেধাজ্ঞা! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
গত এক সপ্তাহ ধরে শ্রীনগর ও আশপাশের এলাকায় মদ নিষিদ্ধ করার দাবিতে একের পর এক পোস্টার পড়ছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে বলা হচ্ছে। তবে পুলিশ সেই পোস্টার সরিয়ে ফেলার পর থেকেই বিষয়টি নিয়ে বিরোধীরা আরও সরব হয়ে উঠেছে। তাদের দাবি, সরকারের মদ-বিরোধী অবস্থান আদৌ আন্তরিক নয়, বরং রাজনৈতিক লাভের জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্প বহুদিন ধরেই মদের উপর নির্ভরশীল। ব্রিটিশ আমল থেকেই এখানে মদের দোকান চালু ছিল। তবে ১৯৯০-এর দশকে ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরে মদ বিক্রি নিষিদ্ধ করেছিল। যদিও পরবর্তী সময়ে কিছু এলাকায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু এবার পরিস্থিতি নতুন মোড় নিতে চলেছে। যদি এই বিল পাস হয়, তবে জম্মু-কাশ্মীর হবে দেশের আরও একটি ‘ড্রাই স্টেট’, যেখানে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
