কয়েক দিন ধরে আলোচনা চলছিলই, এবার তাতে সিলমোহর দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মো. নাহিদ ইসলাম।মঙ্গলবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।
নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করার কথা। প্রথমে ২৬ ফেব্রুয়ারি দিন হিসেবে ঠিক করা থাকলেও পরে তা বদলের কথা জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।
আগের ঘোষণা মতই বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সারজিস আলম।
নতুন দল ঘোষণা ঘিরে ২৬ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগম হওয়ার তথ্য মিলেছে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।কিন্তু কি নাম হতে পারে নতুন দলের? প্রথম আলো সংবাদমাধ্যমের তথ্য অনুসারে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নাম হতে পারে এই দলের।তবে এক্ষেত্রে কেউ কেউ সংক্ষেপে একে ‘বিএনপি’ বলে ডাকলে বিভ্রান্তির সম্ভাবনাও তৈরি হতে পারে।
Leave a comment
Leave a comment
