কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং সিপিআইএম ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই সংঘর্ষের সূত্রপাত ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ জানাচ্ছিলেন, যখন কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে গেলে সিপিআইএম ও এসএফআই কর্মীরা তাদের কটূক্তি করেন।
এমন পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যে প্রতিবাদ করার কারণে তাদের উপর আক্রমণ করা হয়, এবং এর প্রতিবাদে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কয়েকজন আহত হন, তাদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। এরপর এলাকায় পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।
অন্যদিকে, এসএফআই এবং সিপিআইএম তাদের দাবি করেছেন যে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন, এবং হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে কিছু বহিরাগত তাদের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন তাদের দলের কর্মী আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কল্যাণী শহরের জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার পর কল্যাণী থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।
