দ্বীপ রাষ্ট্র মরিশাসের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে দু’দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সফরের প্রথম দিনেই তাঁকে দেওয়া হল মরিশাসের সর্বোচ্চ সম্মাননা “দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কী অব দ্য ইন্ডিয়ান ওশেন”।নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় যিনি এই সম্মাননা পেলেন।ভারত ও মরিশাসের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।পাশাপাশি এটি প্রধানমন্ত্রী মোদীর ২১তম আন্তর্জাতিক পুরস্কার, যা কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে দেওয়া হল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “এটি ভারত ও মরিশাসের মধ্যে গভীর সম্পর্কের জন্য একটি সম্মান। এটি সেই ভারতীয়দের জন্যও একটি সম্মান যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভূমির সেবা করেছেন এবং এটিকে উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি মরিশাসের জনগণ এবং সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এই সম্মাননা পাওয়া পঞ্চম বিদেশি নাগরিক।
এদিন প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর স্ত্রীকে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী মোদী মরিশাসের রাষ্ট্রপতি ধর্মবীর গোখুল ও ফার্স্ট লেডি ব্রিন্দা গোখুলকেও ওসিআই কার্ড প্রদান করেন। ভারতীয় সম্প্রদায় ও মরিশাসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরতেই এই রাষ্ট্রীয় সফরে স্থান পেয়েছে ওসিআই কার্ড প্রদান অনুষ্ঠান। ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই ২০২৪ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মরিশাস সফরের সময়, ভারত মরিশাসের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের জন্য সপ্তম প্রজন্ম পর্যন্ত ওসিআই কার্ডের যোগ্যতা প্রসারিত করা হয়।
মরিশাসে ২২,১৮৮ ভারতীয় নাগরিক এবং ১৩,১৯৮ ওসিআই কার্ডধারী রয়েছেন।ওসিআই কার্ডধারীদের ভারততে অনির্দিষ্টকাল বসবাস, কাজ ও পড়াশোনার অধিকার দেওয়া হয়, পাশাপাশি ভিসা-মুক্ত ভ্রমণ ও অন্যান্য সুবিধাও প্রদান করা হয়।
এই সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মরিশাসের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পাশাপাশি এবং দুই দেশের মধ্যে ক্ষমতা উন্নয়ন, বাণিজ্য ও আন্তঃসীমান্ত আর্থিক অপরাধ মোকাবিলায় সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হবে। এরই সঙ্গে ভারতের অর্থায়নে মরিশাসে বাস্তবায়িত হতে চলা ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।
Leave a comment
Leave a comment
