সুদীপ্ত চট্টোপাধ্যায়
গত ফেব্রুয়ারি মাঝামাঝি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে চার লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব আসার পর এবার দেশের মধ্যে অগ্রণী রাজ্য হিসেবে বৃহৎ শিল্পের সম্ভাবনাময় রাজ্যের তকমা পেল পশ্চিমবঙ্গ।কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেড (DPIIT) এর ২০২৪-২৫ বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বৃহৎ শিল্পে বিনিয়োগের সম্ভাবনাময় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এখন দেশের অগ্রণী রাজ্য গুলোর মধ্যে অন্যতম। বৃহৎ শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনায় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ দেশে প্রথম তিন রাজ্যের মধ্যে উঠে এসেছে বলেও এই বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সরকারি মহলের বক্তব্য, সিঙ্গুর-হলদিয়া অধ্যায় এখন ইতিহাস। গত প্রায় দু দশক ধরে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পে যেভাবে ধাপে ধাপে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবার বৃহৎ শিল্প সম্ভাবনাময় রাজ্য হিসেবে দেশের প্রথম তিনে পশ্চিমবঙ্গের নাম উঠে এলো। দেশের বৃহৎ শিল্পের বৃত্তে পশ্চিমবঙ্গের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পে পশ্চিমবঙ্গ বেশ কিছুদিন ধরেই দেশের মধ্যে অগ্রণী হিসেবে বিবেচিত। এবার কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট জানিয়ে দিল বৃহৎ শিল্পেও পশ্চিমবঙ্গ এখন দেশের মধ্যে অন্যতম সম্ভাবনাময় রাজ্য। রাজ্যের এই সাফল্য ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প ক্ষেত্রের সাফল্যের থেকেও অনেক বেশি এগিয়ে। এই এই সাফল্য এটা প্রমাণ করে যে ২০২৪ এর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের শিল্পায়নে কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে।” উল্লেখযোগ্য গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে 40 টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন যেখানে 20 টি দেশ পার্টনার দেশ হিসেবে অংশ নেয়। এই মেগা বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে চার লক্ষ ৪০ হাজার কোটি শিল্প বিনিয়োগের প্রস্তাব গৃহীত হয়। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি,জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল, আইটিসি গ্রুপের কর্ণধার সঞ্জীব পুরি, আরপিজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা নিউটিয়া গ্রুপের চেয়ারম্যান হাসবর্ধন নেওটিয়া সহ দেশের তাবড় তাবোল শিল্পপতিরা এই বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই বাণিজ্য সম্মেলন থেকেই শিল্পপতিদের বার্তায় পশ্চিমবঙ্গ কে শিল্প বিনিয়োগের জন্য ” সেফেস্ট এন্ড স্মার্টেস্ট” বলে গণ্য করা হয়। অবশেষে কেন্দ্রীয় সরকারি রিপোর্টে পশ্চিমবঙ্গের এই অগ্রণী অবস্থান রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে অক্সিজেন জোগাবে বলে মনে করছে বণিক মহল।
