সুদীপ্ত চট্টোপাধ্যায়
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গণতন্ত্রের পাঠ দিয়েছেন বিরোধী পক্ষকে। বিধানসভার অধ্যক্ষের চেয়ারকে সম্মান করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে পাল্টা নিজেদের যুক্তিতেও সরব হন বিজেপি বিধায়করা। আজ মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই বিরোধী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জারি করা নিজের নির্দেশ প্রত্যাহার করলেন বিধানসভা অধ্যক্ষ। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন “বিধানসভার অধিবেশনে কার্যবিবরণী কাগজ পাবেন বিজেপি বিধায়করা।” বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষের উদ্দেশে অধ্যক্ষ বলেন, “বিধানসভার নিয়ম মানুন। রুলিং মানুন। আপনারা গণতান্ত্রিক নিয়ম মানুন। পরের অধিবেশনের দিন (সোমবার) থেকে কাগজ দেওয়া হবে। প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন।”
প্রসঙ্গত গত সোমবার ও মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়করা, বিধানসভার কার্যবিবরণী বৈঠকের নথি, অধিবেশনের দৈনিক বুলেটিন এমনকি বেশ কিছু স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ছিড়ে ওএলএ নেমে বিধানসভা অধ্যক্ষের দিকে ছুঁড়ে ফেলেন। পরপর দুদিনে ঘটনা ঘটায় মঙ্গলবাড়ী বিধানসভা অধ্যক্ষ জানিয়ে দেন যারা বিধানসভার মর্যাদা বজায় রাখতে জানেন না তাদের বিধানসভার কোন সরকারি নথি বা সম্পত্তি দেওয়া হবে না। শুধুমাত্র তাদের দলীয় কক্ষে সেই নথি বা কাগজ পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকেই দলীয় বিধায়করা এই নথি সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে পারবেন। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভার মর্যাদা হানি প্রসঙ্গে বিরোধীপক্ষকে সচেতন করেন এবং বিধানসভার রীতিনীতি বা অধ্যক্ষের চেয়ারের সম্মান বজায় রাখার আবেদন জানান। আজ নতুন করে অধিবেশন চলাকালীন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ায় অবশেষে অধ্যক্ষ তার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান। পরবর্তী কাজের দিন অর্থাৎ সোমবার থেকে বিধানসভার দৈনিক বুলেটিনের কপি সহ যাবতীয় রিপোর্ট বা বিধানসভার কার্য বিবরণী কমিটির রিপোর্ট দেওয়া হবে বলে অধিবেশনে জানান।
