বাংলার চিকিৎসকদের গবেষণা সাফল্য পেল আন্তর্জাতিক স্তরে। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যানসার কনফারেন্সে স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে স্তন ক্যানসার চিকিৎসায় যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
রাজ্যের দুটি বেসরকারি হাসপাতাল সম্প্রতি একটি বিশেষ সমীক্ষা চালায়, যেখানে সাত হাজার রোগীর ওপর গবেষণা করা হয়। এই সমীক্ষায় উঠে আসে স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে স্তন ক্যানসারের কেমো থেরাপি সাইকেল ৯২ শতাংশ রোগী সম্পূর্ণ করতে পেরেছেন। আর এই হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই উচ্চ। সারা দেশে এই হার যেখানে ৬৫ শতাংশ, সেখানে বাংলায় তা ৯২ শতাংশ হওয়া সত্যিই একটি অসাধারণ অর্জন।
এমন সাফল্য আন্তর্জাতিক কনফারেন্সে তুলে ধরায়, রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পকে নতুনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে বাংলায় স্তন ক্যানসারের চিকিৎসা আরও সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী হয়েছে।
বিশিষ্ট চিকিৎসক সৌমেন দাস জানিয়েছেন, তাঁদের দল এই গবেষণার ৬টি পেপার সেন্ট গ্যালেন কনফারেন্সে পাঠিয়েছিল। সবগুলোই গৃহীত হয়েছে এবং তৃতীয় দিনে বিশেষভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তাঁদের পেপারে উল্লেখ করা হয়েছে, কীভাবে স্বাস্থ্য সাথী বা অন্যান্য সরকারি বিমা স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য উপকারী হয়েছে।
এমন অভাবনীয় সাফল্য রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল, যা ভবিষ্যতে আরও বেশি মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।
