কলকাতা পুলিশের তদন্তে প্রকাশ, বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট সংগ্রহের পর দেশ ছাড়তে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে, ৬৯ জন অভিযুক্তের গতিবিধি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির জন্য অভিবাসন দফতরে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
তথ্য অনুযায়ী, অভিযুক্তরা জাল নথিপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে এবং সেই পরিচয়ের মাধ্যমে বিদেশে আশ্রয় নিয়েছেন।
ভবানীপুর থানায় প্রথম অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জাল পরিচয়পত্র তৈরি করে পাসপোর্টের আবেদন জানিয়ে প্রতারণার মাধ্যমে তা অনুমোদন করিয়ে নিচ্ছিল।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক প্রাক্তন DIB আধিকারিকসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুরো চক্রটি ভেঙে ফেলতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসে ২০২৪ সালে।
তদন্তে প্রকাশ, কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়ো নথির ভিত্তিতে ১২১টি পাসপোর্টের আবেদন জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭৩টি ইতিমধ্যেই ইস্যু হয়ে গেছে। সন্দেহ করা হচ্ছে, এই জাল পাসপোর্ট ব্যবহার করে অন্তত ২০ জন দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে পৌঁছে গিয়েছেন।
এই চক্রের উপর আরও কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের গতিবিধি রুখতে লুক আউট নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তারা যে দেশেই থাকুন না কেন, অন্যত্র যাওয়ার সুযোগ আর থাকবে না। এমনকি, অন্য দেশে পালানোর চেষ্টা করলেই সেই তথ্য সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে পৌঁছে যাবে। এই চক্রকে সম্পূর্ণ নির্মূল করতে এবং মূল ষড়যন্ত্রকারীদের ধরতে পুলিশের তরফে আরও কড়া পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a comment
Leave a comment
