কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচকে ঘিরে শহরে উত্তেজনার পারদ চড়ছে। আর সেই জনপ্রিয়তার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে উঠেছিল একদল দুষ্কৃতী। অভিযোগ, তারা টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করছিল। তবে পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে গেল এই চক্র, ধরা পড়ল তিনজন।
পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃতরা কম দামের টিকিট কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছিল। একসঙ্গে বিপুল পরিমাণ টিকিট নিজেদের কাছে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করত তারা, এরপর ইচ্ছেমতো দামে সেগুলো বিক্রি করত। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গিরিশ পার্ক ও নিউ মার্কেট থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের নাম পীযূষ মহেন্দ্র, কমল হোসেন এবং শাহাবাজ খান। তাদের কাছ থেকে আইপিএল ম্যাচের একাধিক টিকিট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গিরিশ পার্ক থানায় প্রথম অভিযোগ জানান ধীরাজ মালি নামে এক যুবক। তিনি আশিস শর্মা নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে টিকিট কেনার উদ্দেশ্যে গিরিশ পার্ক এলাকায় যান। সেখানে গিয়ে তিনি পীযূষ মহেন্দ্রর সঙ্গে দেখা করেন।
টিকিটের জন্য ২০ হাজার টাকা দেওয়ার পর একটি খাম পান তিনি। খাম খুলতেই দেখেন, তার মধ্যে রয়েছে মাত্র চারটি টিকিট, যার মধ্যে দুটি বিনামূল্যে বিতরণ করা কমপ্লিমেন্টারি টিকিট। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন তিনি।
গিরিশ পার্ক থানার পুলিশ গভীর রাতে শুক্রবার মিত্র লেনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে পীযূষ ও কমলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোট ২১টি টিকিট, নগদ ২০,৬০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, নিউ মার্কেট থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাবাজ খানকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি টিকিট উদ্ধার করেছে পুলিশ।
আইপিএল মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা উত্তেজনা, আর বিরাট কোহলির থাকার ফলে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের আকর্ষণ কয়েকগুণ বেড়ে যায়। সেই বিপুল চাহিদার সুযোগ নিয়েই সক্রিয় হয়েছিল একদল কালোবাজারি।
পুলিশের অনুমান, আইপিএলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই চক্র অসাধু উপায়ে টিকিট বিক্রির ফাঁদ পেতেছিল। তবে পুলিশের তৎপরতায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে, ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
