কলকাতা: বিমান চলাচল আরও মসৃণ ও নিরাপদ করতে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের ট্রায়াল শুরু হয়েছে। আজ, সোমবার থেকে এই ট্রায়াল পর্ব শুরু হয়েছে, যা আগামী তিন মাস ধরে চলবে। প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল হবে।
নতুন এটিসি টাওয়ারটি বর্তমানের ১১২ ফুট উচ্চতার এটিসি টাওয়ারের চেয়ে অনেক আধুনিক এবং উন্নত। নতুন টাওয়ারের উচ্চতা ১৮৭ ফুট, যা প্রায় দ্বিগুণ অপারেশনাল কন্ট্রোল এরিয়া (২,৪৭৫ বর্গফুট) প্রদান করবে। এই উন্নতমানের টাওয়ারটি তৈরি করার পেছনে মূল লক্ষ্য বিমান চলাচলের আরও নির্ভুল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বাড়ানো।
ট্রায়ালের সময়, নতুন এটিসি টাওয়ার এবং পুরোনো এটিসি একসঙ্গে কাজ করবে। পুরোনো এটিসি “হট স্ট্যান্ডবাই” মোডে থাকবে, যা প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হবে। প্রতিদিনের এই দুই ঘণ্টার ট্রায়ালে প্রায় ৪০টি বিমান ওঠানামা করে, যার উপর নজরদারি করবেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা।
নতুন এটিসি টাওয়ারে যোগাযোগ, নেভিগেশন এবং নজরদারি শাখার প্রায় আটজন টেকনিশিয়ান নিয়োজিত থাকবেন। নিরাপত্তার জন্য থাকবে সিআইএসএফ-এর কড়া নজরদারি এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার রক্ষীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, নতুন এটিসি টাওয়ারটি পুরোপুরি কার্যকর হতে প্রায় ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে। তবে এই দীর্ঘ সময়ের জন্য ট্রায়ালের মাধ্যমে সিস্টেমের কর্মদক্ষতা এবং নিরাপত্তা যাচাই করা হবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি নতুন এটিসির সফল পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার ভিত্তিতেই বর্তমান ট্রায়াল পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পরিচালিত এই নতুন এটিসি টাওয়ারটি কলকাতা বিমানবন্দরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
