পরিতোষ সাহা: বীরভূম
বহু টালবাহানার পর বীরভূম তৃণমূলের জেলা কমিটির বৈঠক হলেও গরহাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও কোর কমিটির সদস্য কাজল শেখ।ফলে অনুব্রত-কাজলের দ্বৈরথ ফের প্রকাশ্যে।২২ মার্চ অনুব্রত মণ্ডল জেলা কমিটির বৈঠক ডাকলেও,কাজলের হুঙ্কারের জেরে তা শেষমেশ ভেস্তে যায়।সেদিনই হয় কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন অনুব্রত।মঙ্গলবার জেলা কমিটির বৈঠক ডাকে অনুব্রত।আর সেই বৈঠকে অনুপস্থিত থাকলেন কাজল।তৃণমূলের অনুব্রত-কাজল দড়ি টানাটানি ফের চলে এল প্রকাশ্যে।
ছাব্বিশের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ও ভুয়ো ভোটার তালিকা নিয়ে আলোচনা নিয়ে বোলপুরে জেলা তৃণমূলের দলীয় অফিসে বৈঠক ডাকেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।এই জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দলীয় বিধায়ক,ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি।সাথে ছিলেন আইপ্যাকের প্রতিনিধিরা।
তৃণমূল সূত্রে খবর,জেলা কমিটির বৈঠকে মূলত:ভোটার তালিকা নিয়েই আলোচনা হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশে দলীয় কর্মীরা ভুয়ো ভোটার খোঁজার অভিযানে নেমেছিল, সে নিয়েই আলোচনা হয়।জেলায় এখনো পর্যন্ত ৩০০ অধিক ভুয়ো ভোটার মিলেছে।সেই সমস্ত ভোটারের ঝাড়খণ্ড,হরিয়ানা,মধ্যপ্রদেশে যেমন নাম আছে।তেমনভাবে এই রাজ্যেও ভোটার তালিকায় নাম আছে।তবে সবথেকে বেশি পাওয়া গেছে হরিয়ানার ভোটারের সংখ্যা।এছাড়াও প্রতিটি ব্লকে একটি করে কমিটি গড়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল।সেই কমিটি গঠনের কাজ কতদূর তাও এই সভায় আলোচনা হয়।ভোটার তালিকা সহ বিভিন্ন বিষয়ে ব্লক স্তরে যে কমিটি গঠন করা হয়েছে,সেই কমিটির সাথে আগামীদিনে আইপ্যাকের প্রতিনিধিরা আলোচনায় বসবেন বলেও সিদ্ধান্ত হয়।
কিন্তু জেলা সভাপতির ডাকা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে গরহাজির ছিলেন,অনুব্রত বিরোধী তৃণমূল নেতা কাজল শেখ।একই ভাবে চলতি মাসের ২২ তারিখে কোর কমিটির বৈঠকে ও গরহাজির ছিলেন অনুব্রত।তৃণমূল সূত্রে জানা গেছে,কাজল শেখ কোলকাতায়।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,“এই আলোচনা মূলত ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়।”
তবে ছাব্বিশের নির্বাচনের আগে অনুব্রত-কাজলের দড়ি টানাটানি কোন পর্যায়ে পৌঁছায় সেটাই দেখার।তবে জেলা কমিটির বৈঠকে অনুব্রত,কাজলের অনুপস্থিতি নিয়ে একটি বাক্যও খরচ করেননি।
