সুদীপ্ত চট্টোপাধ্যায়
বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই ঘোষণা মোতাবেক সরকার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্য অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্রের জারি করা এই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ্যভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। সদ্যসমাপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে আগামী অর্থবর্ষের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগে ১৪ শতাংশ ভাতা যুক্ত হয়েছে। সেই কারণে আগামী পয়লা এপ্রিল থেকে ১৮% হারে মহার্ঘ্যভাতা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। রাজ্য জানানো হয়েছে মূল সরকারি কর্মচারীরা ছাড়াও এই নতুন চার শতাংশ মহার্ঘ্যভাতার সঙ্গে যুক্ত হবেন রাজ্যের সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানের কর্মী, পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েত কর্মীরাও। পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরাও এই মহার্ঘ্যভাতার আওতায় আসবেন বলে জানিয়েছে রাজ্য অর্থ দপ্তর।
