সুদীপ্ত চট্টোপাধ্যায়
বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং বিশ্ববাজারে বাংলার সমাদর বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্মেলনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলায় শিল্পায়নের প্রসারে এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে ব্রিটেনের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করাই এই বাণিজ্য সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান অংশীদার ব্রিটেন। গত ফেব্রুয়ারিতে কলকাতায় হওয়া এই সম্মেলনে ব্রিটেনের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিলেন। সেই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতেই লন্ডনের এই বাণিজ্য সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), বস্ত্রশিল্প, হস্তশিল্প এবং পর্যটন খাতে বিনিয়োগে আকৃষ্ট করাই রাজ্যের মূল লক্ষ্য। পাশাপাশি, মুখ্যমন্ত্রী লন্ডনে ‘বিশ্ববাংলা’ স্টল স্থাপনের বিষয়ে আগ্রহী, যা বাংলার হস্তশিল্পীদের জন্য আন্তর্জাতিক বাজার খুলে দিতে পারে বলে ধারণা।ইতিমধ্যেই একাধিক ব্রিটিশ সংস্থা বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। জানা যাচ্ছে, আগামী চার মাসের মধ্যেই ব্রিটেন থেকে একটি প্রতিনিধি দল বাংলায় আসবে, যাতে বিনিয়োগ পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়িত করা যায়।
উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বাণিজ্য সম্মেলনে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব-সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। ব্রিটেনের শিল্পপতিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন। আজকের এই সম্মেলনের মাধ্যমে ব্রিটেন ও বাংলার অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও মনে করছে সরকারি মহল। মুখ্যমন্ত্রীও আশাবাদী যে এই সফর বাংলার শিল্প-বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেবে এবং রাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
রবিবার লন্ডনে পৌঁছানোর পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফরে এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলার শিল্প বিনিয়োগের জন্য সার্বিকভাবে সাহায্যের আশ্বাস। গতকাল ই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানানোর পাশাপাশি হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ব্রিটিশ শিল্প বিনিয়োগ পাওয়ার জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় হাইকমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একইভাবে সাহায্য করবে ভারতীয় হয় কমিশন। ব্রিটিশ শিল্পপতিদের বাংলায় শিল্প বিনিয়োগে আকৃষ্ট করতে বেশ কিছু পরামর্শও দিয়েছে ভারতীয় হাই কমিশন।মনে করা হচ্ছে বাংলায় শিল্প বিনিয়োগে কেন্দ্র রাজ্যের এই পারস্পরিক সহযোগিতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলায় শিল্প বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানেও নতুন দিগন্ত খুলতে পারে বলে আশাবাদী রাজ্য সরকারি মহলও।
