দিলীপ ঘোষ আছেন তাঁর নিজের স্বমহিমায় নিজের চেনা ছন্দে দিলীপ এর মতই। কখনো দলের,আবার কখনো প্রশাসনের স্ক্যানারে পড়েছেন তিনি। তবুও দিলীপ ঘোষ আছেন নিজের মেজাজেই। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ঐতিহ্যবাহী গোপীনাথ মেলায় যান দিলীপ ঘোষ পুজো দিতে। আর সেখানে পুজো দেওয়ার পর মেলা থেকে একটি ধারালো দা কেনেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাকে মেলায় দা হাতেই কিছুক্ষণ ঘুরতে দেখা যায় । দা কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন,”দা এর অনেক কাজ আছে। এক দা এ অনেক কাজ হয়ে যাবে।” তবে এর বেশি কিছু আর বলতে চান নি দিলীপ ঘোষ। মঙ্গলবার মেলার প্রথমদিনে অগ্রদ্বীপে উপস্থিত হন দিলীপ ঘোষ। তিনি দুপুর নাগাদ অগ্রদ্বীপে গিয়ে প্রথমে তিনি ওঠেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষের বাড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে গোপীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। মেলায় দলীয় শিবিরে কিছুক্ষণ বসে কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন। তারপর ফের কৃষ্ণ ঘোষের বাড়ির দিকে ফিরে যান তিনি। যাওয়ার সময় মেলার একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন। ওই দোকানে লোহার বঁটি,হাতা,খুন্তি,শাঁড়াশি, দা, কুড়ুল ইত্যাদি গৃহস্থালির জিনিসপত্র বিক্রি হচ্ছিল। দোকানের সামনে দাঁড়িয়েই ধারালো দা এর দিকে নজর যায় দিলীপ ঘোষের। বাছাই করে একটি দা পছন্দ করেন তিনি। উল্লেখ্য, আসছে রামনবমী। রামনবমীর মিছিলে ওই দা হাতেই কি দিলীপ ঘোষকে দেখা যাবে? এই প্রশ্নই অনেকেই মনে ঘুরপাক খাচ্ছিল তাঁর দা কেনা দেখে। তবে দিলীপ ঘোষ এনিয়ে কিছু ব্যাখ্যা করেন নি। তিনি শুধু বলেন,” এক দা এ সব কাজ হয়ে যাবে।”
ভাগীরথীর তীরে অগ্রদ্বীপে গোপীনাথের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীচৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ। জনশ্রুতি মহাপ্রভূ নীলাচলে যাত্রার সময় আরও কয়েকজন শিষ্যের সঙ্গে ছিলেন গোবিন্দ ঘোষ। ভাগীরথীর তীরে মহাপ্রভূ বিশ্রাম নিয়েছিলেন। তারপর সকলেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেও মহাপ্রভূর নির্দেশে অগ্রদ্বীপে থেকে যান গোবিন্দ ঘোষ। জনশ্রুতি স্বপ্নাদেশ পেয়ে তিনি গোপীনাথদেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সংসারী হয়েও অকালে তার স্ত্রী ও শিশুসন্তান মারা যায়। তারপর থেকে আরাধ্য গোপীনাথকেই সন্তান রুপে দেখতেন গোবিন্দ ঘোষ
জনশ্রুতি আছে জীবদ্দশাতেই ভক্ত গোবিন্দকে স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন তার মৃত্যুর পর গোপীনাথই যাবতীয় পারলৌকিক কাজ করবেন। সেই থেকে প্রতিবছর চৈত্র একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের প্রয়াণ দিবসে গোপীনাথকে কাছা পড়ানো হয়। তারপর গোবিন্দ ঘোষের সমাধিক্ষেত্রে নিয়ে এসে পিন্ডদান সহ যাবতীয় পারলৌকিক কাজকর্ম করানো হয়। গোপীনাথ মন্দিরের পাশেই গোবিন্দ ঘোষের সমাধিস্থল। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান ঘিরেই প্রতিবছর। এই মেলা বসে অগ্রদ্বীপে। এই মেলা চলে তিন চারদিন ধরে। লক্ষাধিক পুন্যার্থীর সমাগম হয় এই মেলায়। আর সেই বিখ্যাত অগ্রদ্বীপের মেলায় দা কিনে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ।
