সারা দেশে ডিজিটাল লেনদেনে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ইউপিআই ব্যবহার করে অর্থ লেনদেন করতে গিয়ে বারবার সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠে আসছে যে লেনদেন প্রক্রিয়া মাঝপথে আটকে যাচ্ছে বা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। শুধু একটি নির্দিষ্ট অ্যাপে নয়, একাধিক জনপ্রিয় ইউপিআই প্ল্যাটফর্মে এই সমস্যার দেখা মিলেছে।
ঠিক কী কারণে এই বিভ্রাট, তা এখনও স্পষ্ট নয়। ইউপিআই পরিষেবা সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে গ্রাহকদের অভিযোগের সংখ্যা দ্রুত বাড়ছে।
ডিজিটাল লেনদেন সংক্রান্ত নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছে, বুধবার রাত ৮টার মধ্যে ৩১৩২টিরও বেশি ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে ২৯৬টি অভিযোগ এসেছে ‘গুগল পে’ ব্যবহারকারীদের কাছ থেকে, যেখানে লেনদেন ব্যর্থ হওয়া, বিলম্বিত অর্থ প্রেরণ এবং টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার মতো সমস্যা দেখা গেছে।
বাকিগুলি অন্যান্য ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের সমস্যা সংক্রান্ত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে জানিয়েছেন যে ট্রান্সজ্যাকশন সফল হচ্ছে না, অথচ টাকা কেটে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ দৈনন্দিন লেনদেন, বিল পরিশোধসহ জরুরি খরচে ইউপিআই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যা ৭টার পর থেকেই এই সমস্যা শুরু হয়। ইউপিআই পরিষেবার উপর নির্ভর করে থাকা সাধারণ মানুষের কাছে এটি বড় ধাক্কা। দৈনন্দিন কেনাকাটা, বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ বা অন্যান্য জরুরি খরচের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।
এখনও পর্যন্ত ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনপিসিআই)-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, সার্ভারের সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দিতে পারে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি। এই প্রযুক্তিগত গোলযোগ দ্রুত মিটবে কি না, তা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
