কলেজ চত্বরে ফের উত্তেজনা! দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ঘনিষ্ঠদের দিকে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে, যখন কাউন্সিলরের ঘনিষ্ঠ সালমান খান ওরফে ভিকি দলবল নিয়ে ইন্দ্রাণী পার্কে উপস্থিত হয়ে টিএমসিপি-র ছাত্রছাত্রীদের উপর আচমকা হামলা চালায়। অভিযোগ, মারধরের পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আক্রান্ত এক ছাত্রীর অভিযোগ, “কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ওরা বলেছে কলেজে থাকলে মেরে ফেলবে, কেটে রেখে দেবে। আমাদের ছবি তুলে নিয়েছে, অনেক অশ্লীল মন্তব্যও করেছে।”
এক ছাত্র জানান, “ওরা আমাদের মারধর করেছে। বলেছে কলেজে পা রাখলে দেখিয়ে দেবে। এমনকি খুনের হুমকিও দিয়েছে।”
এই ঘটনার পরেই চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কলেজের অন্যান্য পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছে বলে জানা গেছে।
প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
এই ঘটনা কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলছেন পড়ুয়া এবং অভিভাবকরা।
