রাজ্যসভার সাংসদ দোলা সেনের জন্মদিনে এক মজার স্মৃতি শেয়ার করলেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। একসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনখড়, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল উত্তপ্ত। সেই সময়ে রাজভবনে দোলা সেনের এক সফরের গল্প শুনিয়ে সংসদে হালকা মুহূর্ত এনে দিলেন তিনি।
বুধবার, সংসদে দোলা সেনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ধনখড় তাঁর রাজনৈতিক জীবন, শ্রমিক আন্দোলনে ভূমিকা এবং সংগ্রামী মানসিকতার প্রশংসা করেন। সব শুনে দোলাও সৌজন্য বজায় রেখে হাতজোড় করেন। এরপরই রাজভবনে দোলা সেনের আগমনের একটি ঘটনার স্মৃতিচারণ করেন ধনখড়।
ধনখড় জানান, একদিন রাজভবনে দোলা সেন দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা, যারা বাইরে অপেক্ষা করছিলেন। কথার মাঝেই ধনখড় মজার ছলে বলেন, “দোলার গলা সবসময় হাই ডেসিবেলে থাকে।” তখন বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা দোলার কণ্ঠস্বর শুনে চিন্তায় পড়ে যান এবং একজন ভেতরে ঢুকে যান রাজ্যপাল ঠিক আছেন কিনা দেখতে!
এই গল্প শুনে রাজ্যসভার সাংসদরা হেসে ওঠেন। এমনকি দোলাও হাসতে হাসতে জিভ কাটেন। ধনখড় শেষে বলেন, “ভবিতব্য দেখুন, আমি আবার এখানেই (রাজ্যসভা) ফিরে এসেছি।” তাঁর এই মন্তব্যে হাসির রোল ওঠে সংসদে।
প্রসঙ্গত, তৃণমূল নেত্রী দোলা সেন শুধু সংসদীয় রাজনীতিতে নয়, বরাবরই শ্রমিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মুখ। বর্তমানে তিনি তৃতীয়বারের জন্য রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।
