প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবার ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এই তথ্য দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল (আরআইএসি) আয়োজিত “রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডা” শীর্ষক এক সম্মেলনে ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
২০২৪ সালের অক্টোবরে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ববৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়। তবে আরও আগে গত বছরেরই জুলাইয়ে রাশিয়া গিয়েছিলেন মোদী। সেই সময়ে রুশ প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলেই রাশিয়ার বার্তা সংস্থা টিএএসএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাষ্ট্রপতি পুতিন গ্রহণ করেছেন। ভারতে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সফরের প্রস্তুতি চলছে।”
সেই হিসেবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে পুতিনের প্রথম ভারত সফর, যিনি মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। ইউক্রেনে হামলা চালানোর পর প্রায় গোটা ইউরোপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রও চলে যায় রাশিয়ার বিরোধীতার জায়গায়।রাশিয়াকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করা হলেও সে পথে হাঁটেনি ভারত। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি সহ পুতিনকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মোদী। রাশিয়া বিরোধী আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো বন্ধু দেশ রাশিয়ার বিরুদ্ধে যায় এমন কোনও সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। একই সঙ্গে মার্কিন হুঁশিয়ারি থাকলেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতেই তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর মোদী প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছিলেন বলে উল্লেখ করে লাভরভ জানিয়েছেন, “এবার আমাদের পালা।”
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পুতিনের ভারত সফরের প্রস্তুতি শুরু হলেও তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।তবে বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফর করবেন।
Leave a comment
Leave a comment
