বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে।এই রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৃহস্পতিবার এ মামলা হয়।দণ্ডবিধি ১৮৬০ এর ১২১, ১২১ক, ১২৪ক ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও রাব্বি আলমসহ ৭২ জনকে আসামি করা হয়েছে।এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে।
প্রথম আলোর খবর অনুযায়ী ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ সম্প্রতি ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল মিটিংয়ে শেখ হাসিনাসহ অন্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। বিষয়টি জানার পর সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রত্যয়ের কথা জানান আসামিরা। জানা গেছে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৭৭ জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার ব্যাপারে মত দেন। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনা করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, ওই মিটিংয়ে থাকা ব্যক্তিদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে যে ‘জয় বাংলা ব্রিগেড’ প্লাটফর্মটি সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে আলোচনা হয়।মিটিংয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ঘোষণা করা হয় যা আসলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উদাহরণ।এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আদালতে সিআইডি এ মামলা দায়ের করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a comment
Leave a comment
