পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা গেলেও কোথায় কখন কেঁপে ওঠে তা বলা মুশকিল। শুক্রবার বেলায় হঠাৎই তীব্র ভূমিকম্পে পর পর দুবার কেঁপে উঠল মায়ানমার। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় রিখটার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা ৭.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ৭।তবে ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানায় প্রথম ভূমিকম্পটির মাত্রা ৭.৭ আর দ্বিতীয়টির ৬.৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের সাগাইং শহর থেকে ১৬ ও ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, যা রাজধানী নেপিডো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
জোড়া ভূমিকম্পে বড়সড় ধাক্কা খেয়েছে মায়ানমার। সংবাদমাধ্যম সূত্রের খবর, একটি মসজিদ ভেঙে পড়ে তার তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছেন অন্তত ২০ জন। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এখনও পর্যন্ত ৮১ জন নিখোঁজ বলে সরকারি সূত্রের খবর। এছাড়াও ইরায়াদি নদীর উপর আইকনিক আভা সেতু ভেঙে পড়েছে এই ভূমিকম্পের ধাক্কায়।মায়ানমারের জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা
মাটির নীচে তৈরি হওয়া কম্পন মায়ানমার ছাড়িয়ে পড়শি দেশ তাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। মায়ানমারে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও।এছাড়াও মৃদু কম্পন টের পাওয়া গেছে কলকাতাতেও।
এই ভূমিকম্পের প্রভাবে উত্তর থাইল্যান্ড, ব্যাঙ্কক এবং চিনের ইউনান প্রদেশ পর্যন্ত তীব্র কম্পন অনুভূত হয়েছে। ব্যাঙ্ককে মেট্রো ও রেল পরিষেবা থামিয়ে দেওয়া হয়। চিনের ভূমিকম্প সংস্থা জানিয়েছে, ইউনানে কম্পনের মাত্রা ছিল ৭.৯। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পি শিনাওয়াত্রা ভূমিকম্প পরিস্থিতি পর্যালোচনা করতে ‘জরুরি বৈঠক’ ডাকেন। ভূমিকম্পের ধাক্কায় ব্যাঙ্ককে ঝকঝকে গ্লাস উইন্ডো বসানো ২০-২৫ তলার বিশাল বহুতল ভেঙে পড়েছে তাসের ঘরের মত।নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে মৃত্যুর সংখ্যা কিছু জানা গেলেও, মায়ানমারে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। তবে বেসরকারি সূত্রে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে নানা সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।এক্স (টুইটার) প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ব্যাংকক ও অন্যান্য শহরে বাড়িগুলো দুলছে, আতঙ্কিত মানুষ রাস্তায় দৌড়াচ্ছে।
Leave a comment
Leave a comment
