মোথাবাড়িতে ঘটে চলা হিংসার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার ঈদের দিনে রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিলেও বিজেপিকে আক্রমণ করেন। এবার তারই পাল্টা দিলেন সুকান্ত। মোথাবাড়ি নিয়ে জবাব দিলেন তিনি। সুকান্তর অভিযোগ, রাজ্যে হিংসা ছড়ানোর জন্যে দায়ী তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তিনি মোথাবাড়ির ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।
সুকান্ত মজুমদার এক সংবাদ সংস্থাকে বলেন,”দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে হিংসার ঘটনার ভিডিয়ো এখনও সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ আছে… যারা হিন্দু দেবদেবী, ভগবান রামকে নিয়ে অপশব্দ প্রয়োগ করেছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা হয়েছে, এখনও প্রমাণ আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় তুষণের রাজনীতি করে। সিপিএমও তোষণের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম একই সঙ্গে।”
এর আগে আজ রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী বরণ,”আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে।” তিনি বলেন,”আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সবরকমভাবে আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বলল এই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে… আমারে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু? আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি ভারতীয়। তুমি কী করার ক্ষমতা আছে?”
মমতা এদিন আরোও বলেন বলেন, “এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। সঙ্গে আমার জীবন সমস্ত ধর্ম – জাতির জন্য, সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব।”
মমতা আরও বলেন, “আমি দাঙ্গা চাই না। কেউ প্ররোচনা দিলে তার পায়ে পা লাগাবেন না। এটাই ওদের পরিকল্পনা। এটা ওদের প্ল্যান্টেড গেম। এই ফাঁদে পা দেবেন না। ওদের ছোঁয়াও উচিত নয়। ওরা আপনাকে কিছু বললে মনে রাখবেন দিদি আমাদের সাথে আছেন। আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে। যারা চিৎকার করে তাদের চিৎকার করতে দেও। কিন্তু ওদের ছোঁবে না। ওদের ছুঁলে ওরা গুরুত্ব পেয়ে যায়। বলছে, চারটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমি বললাম মণিপুরে কী হয়েছে? উত্তরপ্রদেশে কী হয়েছে? বিহারে কী হয়েছে? রাজস্থানে কী হয়েছে?”
