ঘরের মাঠ মানেই দলগুলোর জন্য বাড়তি সুবিধা, তবে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর প্রথম ম্যাচের পর থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর প্রশ্ন উঠেছে, আদৌ কি কেকেআর স্বাভাবিক হোম অ্যাডভান্টেজ পাচ্ছে? যদিও রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে, তবুও ইডেনের পিচ নিয়ে অসন্তোষ রয়ে গেছে।
দলের ভেতরেও এই বিষয়ে আলোচনা চলছে। ঘরের মাঠের সুবিধা কতটা কাজে লাগানো সম্ভব, তা নিয়ে কেকেআর শিবিরে কৌতূহল এবং উদ্বেগ দুটোই স্পষ্টভাবে ধরা পড়ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে কোচ চন্দ্রকান্ত পন্ডিত এই প্রসঙ্গে মুখ খুললেন।
কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত স্পষ্ট করে জানালেন যে, ঘরের মাঠের সুবিধা পাওয়া প্রত্যেক দলের স্বাভাবিক চাওয়া। তবে তিনি এটাও পরিষ্কার করে দিলেন যে, পিচ কেমন হবে, সেটা তাদের হাতে নেই। মাঠের দায়িত্ব যাঁদের উপর, তাঁরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেন। বোর্ডের নির্দিষ্ট নিয়ম মেনেই পিচ তৈরি হয়, তাই ফ্র্যাঞ্চাইজির কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। কেকেআর দলের কৌশল নির্ভর করে মাঠের পরিস্থিতির ওপর, কিন্তু নিজেদের সুবিধামতো পিচ পাওয়ার দাবি করা সম্ভব নয়। তাই যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই একমাত্র উপায় বলে মনে করেন নাইট রাইডার্স কোচ।
প্রথম ম্যাচে হারের পর কেকেআর শিবিরে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ দেখা দেয়। দলের স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন না থাকায় প্রশ্ন ওঠে, ঘরের মাঠে উপযুক্ত পিচ কেন প্রস্তুত করা হয়নি। ফ্র্যাঞ্চাইজি মনে করে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো উচিত ছিল। তবে পিচ পিচ প্রস্তুতকারকদের মতে, তারা বোর্ডের নিয়ম মেনে ইডেনের উইকেট তৈরি করেছেন, কোনো বাড়তি পরিবর্তন করা হয়নি।
তবে কেকেআর শিবিরের একাংশের ধারণা, সঠিক পরিকল্পনা থাকলে পিচ আরও স্পিন-বান্ধব হয়ে দলের সুবিধা বাড়াতে পারত। স্পিনারদের শক্তি কাজে লাগাতে পারলে ঘরের মাঠে কেকেআর আরও ভালো পারফরম্যান্স করতে পারত বলে মত বিশেষজ্ঞদের।
কোচ চন্দ্রকান্ত পন্ডিতও চান, ভবিষ্যতে ইডেনের পিচ এমনভাবে প্রস্তুত হোক, যা দলের কৌশলের সঙ্গে মানানসই হবে। যদিও এই বিতর্ক চলছে, নাইট শিবির এখন শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছে। জয় ছাড়া অন্য কিছু তারা ভাবতে রাজি নয়, কারণ এই ম্যাচ তাদের প্লে-অফের পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে।
