‘পিএমশ্রী’ প্রকল্পে যুক্ত না হলে মিলবে না টাকা জানাল কেন্দ্র
সুদীপ্ত চট্টোপাধ্যায়
স্কুল পরিকাঠামো উন্নয়নে পরপর দুটি আর্থিক বছরের টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। এই মর্মে প্রাপ্য টাকা পেতে রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ এই দুই অর্থবর্ষের ৩১৭৫ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেছে রাজ্য। যদিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বক্তব্য ‘পিএমশ্রী’ প্রকল্পে রাজ্য সরকার যদি যুক্ত না হয় তাহলে টাকা মিলবে না। প্রসঙ্গত, স্কুল পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পে ৬০ শতাংশ দেয় কেন্দ্র আর বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। রাজ্যের যুক্তি, প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকার ৪০ শতাংশ টাকা দেয়। তাহলে অর্থ ছাড়া হচ্ছে না কেন? নবান্ন সূত্রে খবর, সেই টাকা পেতেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল রাজ্য সরকার। সরকারি সুত্রে খবর, পিএমশ্রী প্রকল্পে রাজ্যের ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হবে রাজ্যকে। সেক্ষেত্রে কেন্দ্রের কিছু শর্তে আপত্তি থাকায় ঐ প্রকল্পে অন্তর্ভুক্তিতে নারাজ নবান্ন। সেকারণেই স্কুল পরিকাঠামো উন্নয়নের প্রাপ্য বরাদ্দের টাকা আটকে রাজ্যের উপর চাপ বাড়াতে চায় মোদি সরকার বলে মনে করছে নবান্ন।
