কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ভারতীয় জাদুঘরে মঙ্গলবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। একটি অজ্ঞাতপরিচয় ইমেল থেকে হুমকি আসার পর মুহূর্তেই নড়েচড়ে বসে প্রশাসন। নিউমার্কেট থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে, সঙ্গে উপস্থিত হয় লালবাজারের বম্ব স্কোয়াড ও স্নিপার ডগ। আতঙ্কের স্রোতে ভেসে যায় শহর।
সকাল হতেই ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসে আসে এক অজ্ঞাত ইমেল, যাতে দাবি করা হয়—জাদুঘরের ভিতরে রাখা রয়েছে বোমা! খবর পেতেই মিউজিয়াম কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে অবহিত করে। মুহূর্তেই পৌঁছে যায় পুলিশ বাহিনী। তখনও জাদুঘরের ভিতরে ৫০৯ জন দর্শক ছিলেন, যার মধ্যে ছিলেন ১০ জন বিদেশি পর্যটক। তড়িঘড়ি তাঁদের বাইরে বের করে এনে শুরু হয় জোরদার তল্লাশি। জাদুঘরের প্রতিটি কণা খতিয়ে দেখতে নামে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা।
হুমকি ইমেল ঘিরে শহরজুড়ে বাড়ছে উদ্বেগ। ভারতীয় জাদুঘর শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী স্থাপনা নয়, এটি দেশের ইতিহাসের সাক্ষী। এখানে সংরক্ষিত রয়েছে বহু দুষ্প্রাপ্য নথি ও অমূল্য নিদর্শন। ফলে হুমকির বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই ইমেলের উৎস সন্ধানে সাইবার বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন। তবে এটি নিছকই কৌতুক, নাকি এর পেছনে কোনো বৃহৎ নাশকতার ছক রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “সতর্কতাই প্রধান লক্ষ্য। কোনো ঝুঁকি নেওয়া হবে না।”
হুমকি ইমেলের জেরে আপাতত বন্ধ ভারতীয় জাদুঘর। সম্পূর্ণ তল্লাশি শেষে, নিশ্চিত হলে তবেই ফের খুলবে মিউজিয়ামের দরজা। তবে আতঙ্ক কাটিয়ে শহর স্বাভাবিক হতে কত সময় লাগবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে!
