পরিতোষ সাহা:বীরভূম
জেলায় এবার মুকুট বদল?নাকি মুকুটের আড়ালে ক্ষমতা বদল?কারণ,তৃণমূল নেতা কাজল শেখের মাথায় উঠল “রুপোর মুকুট”।একসময় এই সমস্ত মুকুটের অধিকারী ছিলেন অনুব্রত মণ্ডল।আজ সেই মুকুট বদল দেখা যাচ্ছে বারে বারে।
মঙ্গলবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের লায়েকবাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে মিলন-মেলা আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালীতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় “রুপোর মুকুট”পরিয়ে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রুপোর পেন দেওয়া হয়।
প্রসঙ্গত: বীরভূমে তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে রুপোর তরবারি, গরু ও পাচন, ঢাক সহ নানান রুপোর তৈরি উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ কেও রুপোর ত্রিশূল, সুদর্শন চক্র, রুদ্রাক্ষের মালা দেওয়া হয়। সেইমতো আবারো এদিন “রুপোর মুকুট” উপহার হিসেবে দেওয়া হল।
