সুদীপ্ত চট্টোপাধ্যায়
সংসদে বহুচর্চিত ওয়াকফ বিল পাস করিয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। সর্বভারতীয় বিজেপি সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। যেহেতু ওয়াকফ বিল নিয়ে বিরোধী দলগুলো তো বটেই ইন্ডিয়ের মধ্যেই মতপার্থক্য যেমন রয়েছে তেমনি বিজেপির ভিতরেও বেশ কিছু দ্বিধা-দ্বন্দ্ব প্রকট হয়েছে। তাই সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল পাশ করিয়েই দলের জাতীয় সভাপতি নির্বাচিত করতে চায় বিজেপি। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বুধবার লোকসভায় ওয়াকফ বিল পেশ করবে কেন্দ্র। আগামী শুক্রবারে বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্বের শেষ দিন সংসদে। বুধবার লোকসভায় ওয়াকফ বিল পেশের পর হাতে থাকবে আরো দুদিন। সে ক্ষেত্রে অধিবেশন মূলতুবি হওয়ার সম্ভাবনা থাকলেও লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ বিল পাস করিয়ে নেওয়ার মতো সময় পাওয়া যাবে বলে মনে করছে কেন্দ্রের শাসকদল। অন্যদিকে, বিজেপি সুত্রে খবর, সংসদের অধিবেশন শেষ হলেই দলীয় সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। গত ১৫ মার্চের মধ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সংসদের অধিবেশনের কারণে তা পিছিয়ে যায়। ইতিমধ্যেই তেরোটি রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়ে সভাপতি নামও ঘোষণা করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর প্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সহ বাকি বেশিরভাগ রাজ্যে দলীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। ১৯ জন রাজ্য সভাপতি নাম ঘোষণার পর সর্বভারতীয় রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এটাই বিজেপির সাংগঠনিক নিয়ম। উল্লেখযোগ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য ৫০% রাজ্যে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করা অনিবার্য। তার আগে বুথস্তরে, মণ্ডল ও জেলা স্তরে নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন চলায় বাকি রাজ্যগুলোতে সভাপতি নির্বাচনের কাজ আটকে থাকায় সংসদের অধিবেশন শেষের দিকেই আপাতত তাকিয়ে বিজেপির সংগঠনিক নেতৃত্ব।
