চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে বিশাল ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এসএসসি-র নিয়োগ করা ২৫ হাজারের বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি দীর্ঘ শুনানির পর বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমন নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এবার শীর্ষ আদালতে নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে।
এসএসসি সংক্রান্ত নিয়োগ-মামলার রায় শুক্রবার ঘোষণা হওয়ার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আগামী ৮ এপ্রিল শীর্ষ আদালত ওই মামলা শুনবে। গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে যে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই মামলাই এবার শুনবে।
রাজ্য সরকারের বিরুদ্ধে সুপারনিউমেরারি পোস্ট নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলায় ২০২২ সালে কলকাতা হাইকোর্ট বলে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, সিবিআই তদন্ত করবে তাদের বিরুদ্ধেও।
পরে ২০২৪ সালে সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই, এমনই নির্দেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
যখন ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করেছিল,হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ, তখনই আদালত জানায়, দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যে সকল ব্যক্তিরা জড়িত, সিবিআই তাদের বিরুদ্ধেই তদন্ত চালিয়ে যেতে পারবে। l
