আজ রবিবার রাম-নবমী উদযাপিত হচ্ছে সমগ্র দেশ জুড়ে। তার ওপর আবার আজই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। আজকের এই বিশেষ দিনে হিন্দুত্বের পক্ষে আবারও একবার সওয়াল করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিস থেকে তিনি এদিন বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে তাঁকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াতে হত।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে তিনি বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় আসতে পারতেন না। হয়ত উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াতে হত তাঁদের। বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পাকিস্তানে মার খেয়ে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে মোঘলসরাই বা কোনও বস্তিতে স্থান নিতাম।” বিজেপি সাংসদ আরোও দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কী রোল ছিল বাঙালিকে বুঝতেই দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গ কেন প্রতিষ্ঠা হল।
এদিন অতীতের ইতিহাসও এ দিন তুলে ধরলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “আমাদের যোগেনচন্দ্র মণ্ডল জিন্নার মন্ত্রীসভায় আইনমন্ত্রী হয়েছিলেন। সেই সময় বলাও হয়েছিল মুসলিম আর দলিতরা কাঁধে কাধ মিলিয়ে বন্ধুত্ব করে থাকব। কী হল উচ্চবর্ণের হিন্দুরা পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে চলে এল। ভোলাদ্বীপে তফশিলি নারীরা ধর্ষিত হলেন। যোগেনবাবু পালিয়ে আসেন মন্ত্রীত্ব ছেড়ে!”
সুকান্ত অভিযোগ করে বলেন, যোগেনবাবুর বিষয়ে বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। তাঁর আরোও দাবি, স্কুলে স্কুলে পড়ানো দরকার যোগেনবাবুর রেজিগনেশন লেটার। পুরো ইতিহাস থেকে হাওয়া তাঁর জীবনী। সুকান্ত মজুমদার আরও বলেন, “অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো ক্লাস টেন অবধি পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাস পড়েছি। যোগেন মণ্ডলের নামই জানতাম না আমি। পরে বড় হলাম বই পড়তে শুরু করলাম জানলাম ওঁর নাম। বাঙালিকে ইতিহাস জানতে দেওয়া হয়নি।”
