ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলায় মুখ পুড়লো বিজেপি নেতার কন্যার। বাড়ির পাঁচিল টপকে এসে রীতিমত ঘরের মধ্যে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপি নেতার কন্যা। ২৪ বছর বয়সী ওই যুবতী সাংঘাতিকভাবে জখম হয়েছেন। সংকটজনক অবস্থায় ওই যুবতীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড়।
এই সাংঘাতিক ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়। আক্রান্ত ঐ বিজেপি নেতার কন্যার নাম পল্লবী রাঠোর। বাখরি এলাকায় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাঁর বাবা সঞ্জয় কুমার সিং। দুই বছর আগে কলেজ পাস করে ওই আক্রান্ত যুবতী। বর্তমানে তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
সূত্রে খবর, বিজেপি কন্যার উপর অ্যাসিড হামলা হয় শনিবার রাত দুটো নাগাদ। বিজেপি নেতার বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করে অজ্ঞাত পরিচয় এক যুবক। একতলায় ঘুমোচ্ছিলেন তাঁর কন্যা, পল্লবী। জানালা খোলা ছিল গরমের জন্য। আর সেই জানালা দিয়েই যুবতীকে লক্ষ্য করে অভিযুক্ত অ্যাসিড ছোড়ে। অ্যাসিডে পুড়ে গিয়েছে যুবতীর মুখ ও শরীরের অনেকটা অংশ বলেই খবর।
বিজেপি নেতা সঞ্জয় কুমার এই প্রসঙ্গে জানান, “প্রথমে আমরা চিৎকার শুনে ভেবেছিলাম টিকটিকি বা ইঁদুর দেখে হয়তো ভয় পেয়েছে। পরে আর্তনাদে বুঝতে পারি কিছু একটা বড় বিপদ ঘটেছে। ঘরে ঢুকে দেখি ওকে লক্ষ্য করে কেউ অ্যাসিড ছুড়েছে।” এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদি ওকে বা কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই হামলার নেপথ্যের কারণও অজানা।
অন্যদিকে, বিজেপি নেতার মেয়ের উপরে অ্যাসিড হামলার খবর পেয়েই নিন্দায় সরব হন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন তিনি লেখেন, “বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের অবহেলার জন্য মানুষ এখন তাঁর বাড়িতেও সুরক্ষিত অনুভব করছে না। সরকার নিজের দুনিয়ায় হারিয়ে রয়েছে, আর সাধারণ মানুষকে কষ্ট সহ্য করতে হচ্ছে। বিজেপি নেতার মেয়েকেও টার্গেট করা হচ্ছে, তাও যারা ক্ষমতায় রয়েছে, তারা চুপ। আমরা এই হামলার তীব্র নিন্দা করি এবং আক্রান্ত যুবতীর জন্য সুবিচার দাবি করি।”
