প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে উপস্থিত ছিলেন ‘সান বাংলা’র কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গাড়ির নম্বর ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই তথ্য উঠে আসে।
ঘটনাকে ঘিরে জল্পনা বাড়ে, কারণ শোনা যায় যে স্যান্ডি সাহা ও আরিয়ান ভৌমিকও ছিলেন সেই পার্টিতে এবং হয়তো একই গাড়িতে ছিলেন। এই প্রসঙ্গে TV9 বাংলার সঙ্গে মুখ খোলেন অভিনেতা স্যান্ডি সাহা। তিনি জানান, “শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক শপিং মলের পাবে আমরা সবাই একসঙ্গে পার্টি করছিলাম। পার্টি শেষে ঠিক হয়, আমরা আরিয়ানের বাড়িতে যাব। তবে আমরা সবাই এক গাড়িতে ছিলাম না। আমি ও আরিয়ান ছিলাম অন্য গাড়িতে, যেটি চালাচ্ছিলেন একজন ড্রাইভার। ভিক্টোদা, ঋদি ও শ্রিয়াদি ছিলেন দুর্ঘটনাগ্রস্ত BMW গাড়িটিতে, যেটা ভিক্টোদা নিজে চালাচ্ছিলেন।”
স্যান্ডি আরও জানান, “আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ঋদি বারবার ফোন করেছেন। পরে শ্রিয়াদির মায়ের তরফেও ফোন পাই। পরে বুঝতে পারি কী মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমরা আগের দিন একসঙ্গে পার্টি করেছিলাম বলেই অনেকে জানতে চাইছেন আমি সেই গাড়িতে ছিলাম কিনা। আমি স্পষ্ট জানাতে চাই, আমি ওই গাড়িতে ছিলাম না।”
ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবার ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, এবং গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
