মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিষয়ে ভারতের কৌশল স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ট্রাম্পের নতুন শুল্কের প্রভাব এখনও স্পষ্ট নয়। ভারত শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের চেষ্টা করছে, যা এই বছরের শেষ নাগাদ হতে পারে।
নিউজ১৮ রাইজিং ইন্ডিয়া সামিটে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, পরিস্থিতি নতুন হওয়ায় ট্রাম্পের শুল্কের প্রভাব এখনই পুরোপুরি বোঝা কঠিন । তিনি বলেন, ভারতের কৌশল হলো আমেরিকার সাথে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা। তিনি বলেন, “আমাদের কৌশল খুবই স্পষ্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদের সাথে খোলামেলা এবং ইতিবাচকভাবে আলোচনা করব”।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প পুনরায় রাষ্ট্রপতি হওয়ার পর ভারত সম্ভবত একমাত্র দেশ যারা এত দ্রুত বাণিজ্য চুক্তির দিকে পদক্ষেপ নিয়েছে। “আমরা এই বছরের শেষ নাগাদ একটি বাণিজ্য চুক্তি করার লক্ষ্য নির্ধারণ করেছি, এবং এটি আমাদের দীর্ঘদিনের লক্ষ্য,” তিনি বলেন।
জয়শঙ্কর বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও ভারত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিল । বর্তমান শুল্ক পরিস্থিতি এই দিকে গুরুতর আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি ভারতের জন্য নেতিবাচক কিছু নয়, বরং এটি আমাদের পুরনো লক্ষ্য।
জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের পর দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা তীব্র হয়েছে। তিনি বলেন, “গত ছয় সপ্তাহে, গত দুই বছরে ইউরোপের সাথে আমাদের যত আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা আমেরিকার সঙ্গে হয়েছে।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক দ্বারা প্রভাবিত দেশগুলি তাঁর সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত। মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটিতে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি পূর্ববর্তী সরকারগুলির চেয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন। তিনি চীনের মতো দেশের সাথে তাঁর শুল্ক নীতির উদাহরণ তুলে ধরে বলেন, তিনি ভালো চুক্তি করতে পারেন।
