সুদীপ্ত চট্টোপাধ্যায়
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন না বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বরং মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ছিঁড়ে ফেললেন তিনি। যে চিঠি, ব্রাত্য বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা ছিল বিজেপি সাংসদের। যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সরকারের কোন সদিচ্ছা নেই এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ছিড়ে ফেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বাবুর মন্তব্য ” সরকারের সদিচ্ছার অভাবে জন্যই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল হয়ে গেল। এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসন।” চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেও এদিন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলেন না বিজেপি সাংসদ। অভিজিৎ বাবুর কথায় এসএসসি চাইলেই যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে পারে। ও এম আর সিটের মিরর ইমেজ থেকে এই পৃথকীকরণের কাজ করা সম্ভব বলেও জানান তিনি। উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট এসএসসি মামলার রায় এ পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন যে যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে একটি বিশেষ কমিটি গঠন করা হোক। শিক্ষামন্ত্রীকে সেই কমিটিতে রেখে তিনি নিজেও সেই কমিটির সদস্য হতে চেয়েছিলেন। যোগ্য বা সৎ ভাবে এসএসসির চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মীদের জীবন জীবিকা রক্ষায় এই সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি। আর মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা চিঠির মাধ্যমে জানাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল তার। কিন্তু চাকরি হারাদের উপর পুলিশের লাঠিচার্জে প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যোগ দিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু জানিয়েছেন, যোগ্য অযোগ্যদের জন্য মিরর ইমেজ প্রকাশ করার কথা না দিলেও তেমনি ইঙ্গিত দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি শুক্রবারের মধ্যে যোগ্য ও যোগ্যদের তালিকা এসএসসি যদি না বের করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।
