সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক মুসলিম সংগঠন পথে নেমেছে। এই আইন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাতে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয় এবার তাহলে দাবি জানালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তেমনটা না হলে কলকাতা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি। একটি ভিডিওতে মন্ত্রীকে মন্তব্য করতে শোনা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি জাজবাত 24 বাংলা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ভিডিওতে দেখা যাচ্ছে যে, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় কলকাতায় বৃহস্পতিবার জমায়েত করে জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠন। আর এই সংগঠনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি বলেন, “মুসলিম সমাজকে টার্গেট করছে RSS এবং BJP। কলকাতাকে যদি জ্যাম করে দেব বলতাম তা হলে ৫০টি জায়গায় দু’হাজার, দু’হাজার করে বসে যেতাম। সেটা এখনও হয়নি। পরে কিন্তু হবে। বলে করব। কলকাতার ৫০টি জায়গায় ১০ হাজার, ১০ হাজার করে কত লাগবে… এরা আসবে, কলকাতায় বসে চিঁড়ে, গুড়, বাতাসা-মুড়ি খাবে, আর একটু বসবে, কিছু করতে হবে না।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।
ওয়াকফ আইনের বিরোধিতায় এবং ওই আইন বাতিলের দাবী জানিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠাবে। ওই প্রস্তাব পাঠানো হবে বাংলার এক কোটি মানুষের স্বাক্ষর-সহ প্রধানমন্ত্রীকে। বাতিল করার দাবি জানিয়ে এদিন পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। করা হয় রাস্তা অবরোধ। এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়।
