ওয়াকফ অশান্তি মোকাবিলায় কড়া পদক্ষেপের ইঙ্গিত রাজ্য পুলিশের ডিজির
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ওয়াকফ বিল নিয়ে অশান্তিতে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ক্রমে বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল ও রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এই অশান্তি বন্ধ করার আবেদন জানিয়ে করা বার্তাও দিয়েছেন। এবার অশান্ত পরিস্থিতি নিয়ে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। শনিবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি জানান “কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না।”
ওয়াকফ বিল নিয়ে অশান্তির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে ডিজিপির পরামর্শ,” কোনও গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। তবে যারা গুন্ডামি করছে অথবা অশান্তি ছড়াচ্ছে তাদের ছাড়া হবে না।” প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজীব কুমার। নেওয়া হবে কড়া ব্যবস্থা। তিনি আরো বলেন, মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। তাই এভাবে অশান্তি বাড়তে দেওয়া যাবে না। পুলিশ কোনও হিংসা বরদাস্ত করবে না। দেখামাত্রই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে , ইতিমধ্যেই রাজ্যজুড়ে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটছে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশ প্রস্তুত হলেও জানিয়েছেন ডিজিপি রাজীব কুমার।
শনিবার সকালে মুর্শিদাবাদের সুজার মোড়ে চার রাউন্ড গুলি চালানো হয়, আহত হন ২ জন। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন একজনও ‘ব্যাড এলিমেন্ট’কে ছাড়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে এবং সাধারণ জনজীবন শান্তিপূর্ণ রাখতে রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ একযোগে করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান এডিজি আইন শৃঙ্খলা।
