মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে অতিরিক্ত ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
মুখ্য সচিব ও ডিজির সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি ও সাম্প্রদায়িক হিংসা বন্ধ করতে অতিরিক্ত পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। মুর্শিদাবাদে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা ৩০০ জওয়ান ইতিমধ্যেই রাজ্য পুলিশের সঙ্গে শান্তি রক্ষার দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি অতিরিক্ত আরো ৫ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র। আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও সেক্থাও রাজ্যের দুই শীর্ষ কর্তাকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। গোটা পরিস্থিতির উপর রাজ্য সরকার যেন কড়া নজরদারি চালায় সেকথাও বৈঠকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতির বিবরণ দেন এবং রাজ্য সরকার কি কি পদক্ষেপ করেছে সেকথাও জানান। সরকারি সূত্রে জানা গেছে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর রাজ্য সরকার কড়া নজরদারি চালাচ্ছে এবং মুর্শিদাবাদে স্থিত সীমান্তরক্ষী বাহিনীকে সঙ্গে নিয়ে এই নজরদারির কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের এই ওয়াকফ অশান্তির ঘটনায় কমবেশি ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে রিপোর্ট দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে জানান যে কেন্দ্রীয় সরকারও দিল্লি থেকেই পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। রাজ্য সরকারকে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সব সময় প্রস্তুত এবং যখন যা প্রয়োজন কেন্দ্রের কাছে সাহায্য চাইলেই রাজ্যকে সর্বতোভাবে সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। একই সঙ্গে তিনি জানান মুর্শিদাবাদের সীমান্ত রক্ষী বাহিনী ৩০০ জওয়ান শান্তি রক্ষার কাজে যুক্ত রয়েছেন। তার পাশাপাশি রাজ্যের আবেদনেই আরও অতিরিক্ত ৫ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র। শুধু মুর্শিদাবাদ নয় অন্যান্য যে জেলাগুলিতে এই ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জেলাগুলোতেও রাজ্য যাতে কড়া নজরদারি রাখতে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। প্রয়োজনে অন্য জেলাগুলোর জন্য সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র বলেও জানানো হয়েছে বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের দুই শীর্ষ কর্তাকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। অশান্ত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে কাজ করবে।
