প্রেস ক্লাব কলকাতা বিশিষ্ট সাংবাদিক, আকাশবাণী ও দূরদর্শন কলকাতার বার্তা বিভাগের প্রাক্তন প্রধান এবং প্রেস ক্লাব, কলকাতার সদস্য পার্থ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। আজ (১৪ এপ্রিল ২০২৫, সোমবার) সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বয়েস হয়েছিল ৬০ বছর। রেখে গেছেন স্ত্রী ও পুত্রকে।
দীর্ঘদিন তিনি আকাশবানী ও দূরদর্শন কেন্দ্র কলকাতা ও আকাশবাণীর আগরতলা কেন্দ্রের বার্তা বিভাগের বহু গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সংবাদ সম্পাদনায় একজন স্থিতধী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। আকাশবাণী, দূরদর্শন ছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্যান্য সংস্থা, যেমন প্রেস ইনফরমেশন ব্যুরো, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন প্রভৃতি প্রতিষ্ঠানেও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন।
সদালাপী পার্থ ঘোষ তাঁর সংবেদনশীল ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের জন্য সহকর্মীদের মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছিলেন।
পার্থ ঘোষের প্রয়াণে প্রেস ক্লাব, কলকাতার পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
প্রেস ক্লাব, কলকাতা
